অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে সময় সংবাদকে মুঠোফোনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘টিউলিপের কোনো চিঠি আমরা পাইনি। ৫ (জুন) তারিখ থেকে আমরা ছুটিতে আছি।’

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।
প্রতিবেদন মতে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে লন্ডন সফরের সময় ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে গত সপ্তাহে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সরকার থেকে সুবিধা নিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন তথা দুদকের পাশাপাশি গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে যে, টিউলিপ বা তার মা ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ অবৈধভাবে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন।
টিউলিপ সিদ্দিক এ অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবিগুলোকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। টিউলিপ আরও দাবি করেছেন, এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করেনি।
