উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে রাশিয়ান হাউস। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম, কারিগরি সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তুললে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক ও কারিগরি শিক্ষার প্রসারে রাশিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
