ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

Link Copied!

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চূড়ান্ত সিদ্ধান্তের পর দলের চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম দিতে হয়। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর চন্দ্র রায় সমর্থক হিসেবে মনোনয়নপত্রে সই করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর বিরোধী প্রার্থী না থাকায় পরবর্তী সময়ে নির্বাচিত সাতজন রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।