নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজারসংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের ক্ষতিকর দিক এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ধরনের ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে।
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
