ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণ

Link Copied!

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

Advertisement

লাইভে আসাদ নূর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাওয়া পাত্র তিনিই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি ও পারশার বিয়ের শাড়ি দেখিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।’

বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে রহস্যের আবহ তৈরির পেছনে পরিকল্পিত উদ্দেশ্য ছিল বলেও জানান আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টি সাজানো হয়েছিল।

Advertisement

তিনি বলেন, গত কয়েক দিন ধরে নেটিজেনরা বিয়ের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে যেসব সূত্র খুঁজছিলেন, সেগুলোর কিছু ইচ্ছাকৃতভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পটভূমি কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে মানুষের অনুসন্ধান তাদের কাছে বেশ কৌতুকপূর্ণ মনে হয়েছে। এমনকি বিষয়টি গোয়েন্দাদেরও ধাঁধায় ফেলেছিল বলে দাবি করেন তিনি।

ব্যক্তিগত জীবন ও অন্যের বিয়ে নিয়ে সমাজের একাংশের অতিরিক্ত কৌতূহল এবং কটূক্তির সমালোচনা করেন আসাদ নূর। উদাহরণ হিসেবে তিনি ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার কথা তুলে ধরেন। পারশার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে বিড়ালছানাটির ভিডিও প্রকাশের পর সেখানে আসা আপত্তিকর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মানসিকতার মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতেই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল।

Advertisement

নিজের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি বলেন, শুরুতেই মুখ প্রকাশ করলে মানুষের মধ্যে এত কৌতূহল ও অনুসন্ধানের প্রবণতা তৈরি হতো না। পারশা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় পাত্র কে, তা নিয়ে মানুষের আগ্রহ তৈরি করাই ছিল পরিকল্পনার অংশ।

এমনকি পারশার জন্মদিনে আঁকা একটি ছবিতে শুধু চোখের অংশ দেখা যাওয়ার বিষয়টিও নেটিজেনদের নজরে এসেছিল। পরে তিনি নিজেই ছবিটি আড়াল করে দেন, যাতে বিষয়টি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়। তার দাবি, নেটিজেনরা যখন শার্লক হোমসের মতো বিভিন্ন সূত্র মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করছিলেন, তখন তিনি ইচ্ছাকৃতভাবে কিছু পোস্ট আড়াল করে রহস্য আরও বাড়িয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি জুড়ে ব্যঙ্গ করার ঘটনাগুলোরও সমালোচনা করেন তিনি। আসাদ নূরের দাবি, তাদের এই আয়োজন ছিল পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে একটি প্রতিবাদ। সাধারণত বিয়ের ক্ষেত্রে নারীদের আড়ালে রাখা বা নিয়ন্ত্রণ করার যে সামাজিক প্রবণতা রয়েছে, তার বিপরীতে গিয়ে তিনি নিজেই মুখ ঢেকে ছবি প্রকাশের মাধ্যমে এক ধরনের ‘রোল প্লে’ করেছেন।

তিনি প্রশ্ন তোলেন, বিয়ের বিষয়টি যদি গোপন রাখারই ইচ্ছা থাকত, তাহলে বিয়ের তথ্য বা ছবি জনসমক্ষে প্রকাশ করা হতো না।

নিজেদের সম্পর্কের বৈচিত্র্য তুলে ধরে আসাদ নূর বলেন, তারা দুজন ভিন্ন মেরুর মানুষ। কাজের ক্ষেত্র, চিন্তাভাবনা ও অবস্থানে পার্থক্য থাকলেও মনের মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজের দীর্ঘদিনের কিছু ট্যাবু ভাঙতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

সবশেষে বিয়েকে ঘিরে নেটিজেনদের সমালোচনা, কটূক্তি ও নানা ধরনের অনুসন্ধান নিয়ে ব্যঙ্গ করেন আসাদ নূর। তার দাবি, তাদের ঘিরে যত বেশি আলোচনা, সমালোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিষয়টি তত বেশি মানুষের নজরে এসেছে। এমনকি বিপুল অর্থ ব্যয় করেও বিয়ের এত ব্যাপক প্রচার সম্ভব হতো না, যা মানুষের ব্যক্তিগত কৌতূহল ও বিতর্কের কারণে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar