জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও মুক্তির আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন বাঙালির চেতনাকে যুগে যুগে জাগ্রত করেছে। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী অবস্থান আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য শিশু-কিশোর ও তরুণদের জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনাদর্শের সঙ্গে পরিচিত করে তোলা।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নজরুলের সৃষ্টিকর্মকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর মানবিকতা, সাম্য ও সম্প্রীতির দর্শন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। এসব আদর্শ একটি শান্তিপূর্ণ, সহনশীল ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তরুণ প্রজন্মকে কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য গভীরভাবে পাঠ, গবেষণা এবং কবিতা, সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।


