গাইবান্ধা সদর উপজেলার ৫৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী কর্মী নির্বাচন করা হয়েছে। উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারীরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। ২৫ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী নারী প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
লটারি কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। এ সময় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বীরসহ পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
লটারি চলাকালে আবেদনকারীরা সরাসরি উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। আয়োজকদের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারি সম্পন্ন হয়েছে। এ নির্বাচন নিয়ে উপস্থিত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরং নির্বাচিত ও অনির্বাচিত উভয় পক্ষের মধ্যেই সন্তোষজনক পরিবেশ দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।


