বাগেরহাটের শরণখোলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চারটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২০ জন প্রার্থী নিজ নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।
এর মধ্যে ৩ নম্বর রায়েন্দা সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন—মো. জামাল নূর হাওলাদার, মো. ফরিদ হোসেন মানিক, আব্দুস সবুর আকন ও শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শরণখোলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. বেল্লাল হোসেন মিলন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়েন্দা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেল্লাল হোসেন মিলনের প্রার্থিতা নিয়ে আলোচনা রয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তার নাম আলোচনায় রয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় হাট-বাজার, গ্রামগঞ্জ ও চায়ের দোকানগুলোতেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বেল্লাল হোসেন মিলনকে নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগও করছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় বেল্লাল হোসেন মিলন বলেন, জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে রায়েন্দা ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, রায়েন্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশন সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের মাধ্যমে রায়েন্দাকে একটি সুন্দর পৌরসভায় রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বেল্লাল হোসেন মিলন উপজেলার চারটি ইউনিয়ন থেকে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা জানান।
তবে স্থানীয়ভাবে আলোচনায় থাকা অন্য সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


