পুলিশ বলছে, ‘কেউ অভিযোগ করেনি’
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক চার সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কলাপাড়া উপজেলা শহরে সাবেক সংসদ সদস্য ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ার-উল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়ি দুটির জানালার কাচ ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তার পুত্রবধূ রোকসানা পারভীন জানান, দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে ঢুকতে না পেরে তারা ফটক ভাঙচুর করে।
লুৎফুন নেছা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।
এদিকে, গত বুধবার রাতে পটুয়াখালী-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের বাসায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এরপর শুক্রবার রাত ৮টার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে। এর প্রতিবাদেই তারা সন্ত্রাসবিরোধী সভা করেছেন। তবে যেভাবে হামলা-ভাঙচুরের ঘটনা প্রচার করা হচ্ছে, বাস্তবে ততটা হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, হয়তো দরজায় চার-পাঁচটি আঘাত করা হয়েছে।
হামলার বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে পুলিশ কিছু জানে না। কোনো খবরও পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
অন্যদিকে, সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে।


