পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারিয়ার ও ইয়ুথ লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ সামিটের আয়োজন করা হয়।
স্থানীয় বেসরকারি সংস্থা রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) এ আয়োজন করে। এতে সহযোগিতা করে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি), এম এ রউফ মিয়া শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, আমিরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইয়ুথ স্কিল একাডেমি, আমরা কলাপাড়াবাসী এবং কলাপাড়া গ্র্যাজুয়েট ক্লাব (কেজিসি)।
সামিটে তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ব্যবস্থাপক মো. আল আমীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।


