বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।
অন্যদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার সম্ভাবনা। কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে বা সম্পূর্ণ ব্যবহার না করলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
এ সময় সৌদি মন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি; অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারিত হবে।


