মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে সামরিক বিমান পাঠানোর শর্ত দিয়েছে ভারত—সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে বলা হয়, শেখ হাসিনার দেশে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিও শর্তের অন্তর্ভুক্ত।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’
এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।’
তিনি জানান, এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।
বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


