সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় রোববার সকাল ৬টা থেকে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
এতে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়তে হতে পারে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী অমিক সরকার।
এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল।
বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রোববার নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে—পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বিজিবি সংলগ্ন এলাকা।
এ ছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
