চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি নারী হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচটি ফ্রিজ দেওয়া হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় এসব ফ্রিজ সরবরাহ করা হয়।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এ উদ্যোগের সমন্বয় ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচটি নারী হলে একটি করে ফ্রিজ পৌঁছে দেওয়া হয়েছে।
ফ্রিজ পাওয়া হলগুলো হলো—দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল এবং শামসুন্নাহার হল।
প্রতিটি হলে একটি করে ফ্রিজ দেওয়ায় নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হয়েছে। এতে হলগুলোতে সংরক্ষণ সুবিধা নিয়ে শিক্ষার্থীদের যে সমস্যা ছিল, তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের এই প্রয়োজন পূরণে সহযোগিতা করায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলগুলোতে দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন সমস্যা সমাধানে আরও উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা ও সামগ্রিক পরিবেশের যুগোপযোগী উন্নয়নেও কার্যক্রম অব্যাহত থাকবে।
