সড়কে চলাচলকারী যানবাহনের নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার বিষয়ে নিয়মিত আইন প্রয়োগ করে পুলিশ। এবার নিজেদের বহরে থাকা গাড়ি ও মোটরসাইকেলের ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সব যানবাহন ও মোটরসাইকেলের সামনের এবং পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান ও সহজে পড়া যায়—এমন অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো গাড়ির নম্বর প্লেটের স্টিকার পুরোনো, ক্ষতিগ্রস্ত বা অস্পষ্ট হয়ে গেলে সেটি পরিবর্তন করে নতুন স্টিকার লাগাতে বলা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির পরিবহন শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর স্বাক্ষর করা ওই চিঠিতে ডিএমপির বিদ্যমান সব যানবাহন ও মোটরসাইকেলের নম্বর প্লেট স্পষ্ট ও দৃশ্যমান রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পরিবহন) কাজী মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের বিদ্যমান সব গাড়ি ও মোটরসাইকেলের সামনের ও পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান এবং স্পষ্ট থাকা জরুরি। মোটরযান আইনের আওতায় নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় ডিএমপির সব যানবাহনের নম্বর প্লেট যথাযথভাবে দৃশ্যমান রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, সম্প্রতি পরিবহন বিভাগের উদ্যোগে ডিএমপির বহরে থাকা যানবাহনের জন্য নতুন স্টিকার সরবরাহ করা হয়েছে।
কোনো গাড়ির স্টিকার পুরোনো হয়ে গেলে কিংবা লেখা অস্পষ্ট হয়ে পড়লে সংশ্লিষ্ট গাড়ির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পরিবহন বিভাগের সঙ্গে যোগাযোগ করে নতুন স্টিকার সংগ্রহ ও লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ডিএমপির গাড়ির নম্বর যেন দূর থেকেও সহজে শনাক্ত করা যায়, সেটিই নিশ্চিত করতে চাওয়া হয়েছে।
চিঠিটির অনুলিপি ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং ডিটেকটিভ শাখার কর্মকর্তারাও রয়েছেন।
কেন গুরুত্বপূর্ণ নম্বর প্লেটের দৃশ্যমানতা?
একটি যানবাহন শনাক্ত করার ক্ষেত্রে নম্বর প্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো গাড়ি দুর্ঘটনা, অপরাধ বা সড়ক আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে নম্বর প্লেটের মাধ্যমে সেটি শনাক্ত করা সহজ হয়।
নম্বর প্লেট অস্পষ্ট বা আড়ালে থাকলে গাড়ি শনাক্তে সমস্যা তৈরি হতে পারে। এ কারণে সাধারণ যানবাহনের পাশাপাশি এবার ডিএমপির নিজস্ব গাড়ি ও মোটরসাইকেলের ক্ষেত্রেও নম্বর প্লেট স্পষ্ট ও দৃশ্যমান রাখার বিষয়টি নিশ্চিত করতে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।
