কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত রাতে উনচিপ্রাং বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী জসিমের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৭টার দিকে টহলদল দুই ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের থামার সংকেত দেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে। এ সময় হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটক হেলাল মিয়া টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
