ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিরোধী দলের কাছ থেকে সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো গঠন ও চূড়ান্ত করা হবে। তিনি বলেন, এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে প্রয়োজন দেখা দিলে অধিবেশনের সময় বাড়ানো হবে।
চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষাসংক্রান্ত বিল বিশেষ গুরুত্ব পেতে পারে।
সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বাবা-মা জীবদ্দশায় সন্তানদের নামে সম্পত্তি লিখে দিলেও ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার তাদের কাছে থাকবে। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা বন্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহার বিবেচনা করেই ভোট দিয়েছেন এবং সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি বা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের আওতায় পড়ে। জুলাই সনদে দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত স্বাক্ষরের মাধ্যমে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
নূরুল ইসলাম মনি জানান, সংবিধান সংশোধনের বিষয়ে ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার কথা রয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলে তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে সংসদের তৃতীয় অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।
কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
চিফ হুইপ আশা প্রকাশ করেন, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা পালন করবে।
