মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজেদের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আছালাত শিকদার ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আছালাত শিকদার অভিযোগ করেন, প্রতিপক্ষ জসিম বেপারী ও নজরুল বেপারীর পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি জানান, প্রায় ৫০ বছর আগে বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ নম্বর দাগে সাড়ে ১০ শতাংশসহ মোট সাড়ে ১৩ শতাংশ জমি জসিম বেপারীর কাছ থেকে কিনেছিলেন তার বাবা মৃত বছিরউদ্দিন শিকদার। দীর্ঘদিন ধরে ওই জমি তাদের দখল ও মালিকানায় রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে গত প্রায় তিন বছর ধরে জসিম বেপারীর ছেলে নজরুল বেপারী ওই জমির মালিকানা দাবি করে তা দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আছালাত শিকদার।
তিনি আরও বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হওয়ার পর উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। এতে তারা সামাজিকভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিকরা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং তাদের ন্যায্য জমি বুঝিয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
