ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

Link Copied!

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংকের ব্যাজ পরিয়ে দেন।

Advertisement

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ২০২৬ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement

শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে নৌ-প্রশিক্ষণ সম্পন্ন করার পর ১৯৮৯ সালের ১ জুলাই তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। ৮৭-এ ব্যাচে তিনি জ্যেষ্ঠতা ও মেধার দিক থেকে প্রথম স্থান অর্জন করেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি এমফিলসহ স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

Advertisement

তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর কৃতী গ্র্যাজুয়েট। শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়ায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।

নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবন

প্রায় চার দশকের কর্মজীবনে এডমিরাল আজীম বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি এবং নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক নৌ-অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয় ও বানৌজা সৈকত উল্লেখযোগ্য।

তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিএসসিএসসি ও এনডিসিতে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক দায়িত্ব

আন্তর্জাতিক পর্যায়েও এডমিরাল আজীমের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বাংলাদেশ ও ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পদক ও পুরস্কার

সামরিক জীবনে অসামান্য অবদানের জন্য এডমিরাল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) এবং ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি) লাভ করেন। পাশাপাশি তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কার (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেছেন।

এ ছাড়া তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ পুরস্কার, ‘সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার’ এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কারও পেয়েছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি লেখালেখি ও গবেষণার সঙ্গেও যুক্ত। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক ও নৌ-কৌশল বিষয়ে বিভিন্ন জার্নাল ও সাময়িকীতে তাঁর গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগতভাবে তিনি গলফ, বাস্কেটবল, দাবা ও টেবিল টেনিসে আগ্রহী। বাংলা ও ইংরেজির পাশাপাশি মালে ও ফরাসি ভাষায়ও তাঁর ব্যবহারিক দক্ষতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি বেগম নুরতাজ আজীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।