শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের জন্য নতুন করে তাগিদ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৭ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করা না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে শিক্ষা বোর্ড।
