আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জ শহর ও আশপাশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ চলবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের আগেই জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেও বিষয়টি জানানো হয়েছে।
কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা রয়েছে।
