গাইবান্ধায় মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-৩ র্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও শিক্ষাবিদ মাজহারুল মান্নান। এ ছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব একটি পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। তাই মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বিপথগামী ও মাদকাসক্ত তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
