ঢাকা-৬ আসনের নিজ নির্বাচনী এলাকার নাগরিক সমস্যাগুলো সরাসরি দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রত্যাশার কথা জানতে ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার (৯ আগস্ট) তিনি ওয়ারীর বিভিন্ন সড়ক ও এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় সড়কের অবস্থা, যানজট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক সামাজিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে প্রাইম ব্যাংকের সামনের এলাকা, ওয়ার স্ট্রিট, ওয়ারী ফার্মা, টিপু সুলতান রোড, ছাপা মসজিদ, র্যাঙ্কিন স্ট্রিট, নবাব স্ট্রিট, হেয়ার স্ট্রিট, দক্ষিণ মৈশুন্ডী, রহিম সাহেবের গলি, ফকিরচাঁন কমিউনিটি সেন্টারের পাশের এলাকা, নারিন্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের আশপাশ, মাংস বিতান, ফারুক ট্রেডার্স, লারমিনি স্ট্রিট, পদ্মানিধি লেন, বলধা গার্ডেনসহ ৪১ নম্বর ওয়ার্ডের আরও বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এর মধ্যে মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ইশরাক হোসেন এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি অবগত হন। বাসিন্দারা জানান, সড়ক ও যানজটের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কারণে বিভিন্ন সময় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। বর্ষাকালে জলাবদ্ধতার বিষয়টিও তাঁদের দুর্ভোগ বাড়ায়।

এ ছাড়া মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কারণে এলাকার সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান স্থানীয়রা। এসব সমস্যা মোকাবিলার পাশাপাশি নাগরিক সেবার পরিধি আরও বাড়ানোর দাবি জানান তারা।
পরিদর্শনকালে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। বাসিন্দাদের সহযোগিতা ও মতামতকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে নাগরিক সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে জানার সুযোগ পান ইশরাক হোসেন। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে এলাকার নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়টিও এ পরিদর্শনে গুরুত্ব পেয়েছে।

