রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক পাঁচজনের মধ্যে দুজনকে ১৫ দিন করে, দুজনকে ১০ দিন করে এবং অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র্যাব-২-এর উপপরিচালক মেজর এমন মুবীন রহমান তাপস জানান, সম্প্রতি আগারগাঁও পাসপোর্ট অফিস ও এর পাশের ব্যাংকে টাকা জমা দিতে আসা পাসপোর্টপ্রার্থীদের টার্গেট করে একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে।
চক্রটির সদস্যরা পাসপোর্টের আবেদন ফরম পূরণ, ফরম সত্যায়ন, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি পূরণ এবং ভুল বা ভুয়া নথি সংগ্রহ করে দেওয়ার কথা বলে প্রার্থীদের প্রলুব্ধ করতেন। পাশাপাশি দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়েও তাদের কাছ থেকে অর্থ আদায় করা হতো।

র্যাবের এই কর্মকর্তা জানান, দালালদের প্রস্তাবে সাড়া না দিলে পাসপোর্টপ্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি ও বিরক্ত করা হতো। পরে অল্প সময়ের মধ্যে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি।
দালালদের তৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগে থেকেই সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানানো এবং মাইকিং করা হয়েছিল। তবে এরপরও দালালদের কার্যক্রম অব্যাহত থাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

