ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

Link Copied!

সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে পরিচয় করিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, তাকে হেয় ও বিব্রত করার উদ্দেশ্যেই একটি পক্ষ পরিকল্পিতভাবে এমন প্রচারণা চালাচ্ছে।

একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য এবং নানা ধরনের চিকিৎসাসেবা বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, কিছুদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রচারণার জবাব তিনি এতদিন দেননি মূলত দুটি কারণে।

Advertisement

তাসনিম জারার ভাষ্য, নিজেকে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ নন—এভাবে ব্যাখ্যা করতে গেলে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের পেশাকে যেন নেতিবাচক কিছু হিসেবে দেখানো হয়। অথচ যৌনস্বাস্থ্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এ নিয়ে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসকদের প্রতি সম্মান থাকা উচিত।

[crp]

তিনি বলেন, অনেক মানুষ এমন ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হন, যা পরিবার, বন্ধু কিংবা জীবনসঙ্গীর কাছেও প্রকাশ করতে পারেন না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা গুরুত্বপূর্ণ। তাই যৌনস্বাস্থ্য নিয়ে চিকিৎসাকে কোনোভাবেই অপমানের বিষয় হিসেবে দেখা উচিত নয়।

Advertisement

তাসনিম জারা আরও বলেন, যৌন সমস্যা নিয়ে সামাজিক সংকোচের কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না। এর ফলে কেউ কেউ ভুল চিকিৎসার শিকার হন, ভুল ওষুধ গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে সমস্যায় ভোগেন। এ কারণে যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।

নাম-ছবি ব্যবহার করে ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ

তাসনিম জারা জানান, সম্প্রতি এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে একটি স্ক্রিনশট পাওয়ার পর তিনি বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। ওই স্ক্রিনশটে তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে প্রায় ১৬০টি বিজ্ঞাপন প্রচারের তথ্য দেখতে পান বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, প্রথমে তার ছবি ব্যবহার করে অশালীন বক্তব্যসহ বিজ্ঞাপন তৈরি করা হয়। পরে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এর সুযোগ নিয়ে প্রতারকরা তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্য এবং বিভিন্ন ধরনের ‘চিকিৎসা’ বিক্রির চেষ্টা করছে।

নিজের নামে প্রচারিত এসব বিজ্ঞাপন থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাসনিম জারা বলেন, তিনি কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ওষুধ, স্লিমিং পণ্য বা চিকিৎসা বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে কোনো পণ্য বা চিকিৎসাসেবা বিক্রি করা হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

‘Shohay Pregnancy’ অ্যাপ নিয়েও সতর্কতা

তাসনিম জারা জানান, গর্ভবতী মায়েদের জন্য তাদের তৈরি ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে। সেখানে কোনো ধরনের পণ্য বিক্রি করা হয় না। অধিকাংশ ব্যবহারকারী বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করতে পারেন, আর কেউ চাইলে প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে পারেন।

তার পরামর্শ, সামাজিক মাধ্যমে তার নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন চোখে পড়লে সেগুলোতে বিশ্বাস না করা এবং কোনো পণ্য না কেনা। পাশাপাশি পরিচিতদের মধ্যেও এ ধরনের বিজ্ঞাপন সম্পর্কে সতর্কতা তৈরি করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষ দিকে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন, কারও যৌনস্বাস্থ্যজনিত সমস্যা থাকলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক রোগের ক্ষেত্রেই দ্রুত চিকিৎসা শুরু করা গেলে ফলাফল ভালো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।