দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশনা রয়েছে।
সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুৎবিষয়ক এক সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সৌরশক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী তিনটি নির্দেশনা দিয়েছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। তাই সরকারি পর্যায়ে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দেশে সৌর প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত হয়।
সাধারণ মানুষের কাছে সৌর বিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক কাঠামো বা মডেল প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় আরও আলোচনা হয়, সৌর বিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা ব্যাপকভাবে প্রচার করলে ভোক্তাদের মধ্যে এ প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়বে। উপস্থাপনায় জানানো হয়, সৌর বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরিচালনা করা সম্ভব।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
