প্রায় ছয় বছর ধরে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে চিত্রনায়িকা পরীমনিকে। এই দীর্ঘ সময়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তার নিয়মিত দেখা হয়েছে। তবে তাকে ঘিরে কিছু মানুষের আচরণ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, তার সঙ্গে কেউ কখনো দুর্ব্যবহার করেছেন কি না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আদালতে আসা-যাওয়ার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
পরীমনি বলেন, ‘কোর্টে যাওয়া-আসা নিয়ে আমি যখন এই ঘটনাটা নিয়েই হচ্ছি, তো সেটা নিয়ে যদি আমি বলতে চাই, এই কোর্টে যাওয়া-আসা আমার প্রায় ছয় বছর হয়ে গেছে। এখানে আপনারা ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, মেইনস্ট্রিমে যারা আসলে বেসিক্যালি জার্নালিস্ট, সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করছেন। কখনো কেউ বলতে পারবেন, কারও সঙ্গে দুর্ব্যবহার হয়েছে? কেউ আমার সঙ্গে করেছে অথবা আমি কারও সঙ্গে করেছি? পারবেন না।’
এরপর ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘কিন্তু ওর সঙ্গে কেন হলো? এটা তো এমনি এমনি কেন হয়নি। সেই “কেন”-এর উত্তর না খুঁজতে গিয়ে আপনারা যেভাবে ঢালাওভাবে… দেখেন, এরা তো সাংবাদিক মহলের জন্য আসলে লজ্জার। মানে এটা তো আসলে হতে পারে না।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তার পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এ মামলায় ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না পাওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি মাদক সংগ্রহ ও পরিবহনে সহযোগিতার অভিযোগ আনা হয় মামলার অপর দুই আসামির বিরুদ্ধে।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনার ধারাবাহিকতায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির উদ্যোগ নেওয়া হয়।


