গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও নতুন শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে। এর ফলে আগামী দিনে দেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ আসার পথ সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগও বাড়বে।
এই অর্জনকে বর্তমান সরকারের কার্যক্রম, আন্তর্জাতিক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে শ্রমবিরোধী নীতিমালার কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়নের সুযোগ পায়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং শ্রম আইন প্রণয়নের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
মাহদী আমিনের ভাষ্য, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার কারণে বাংলাদেশ এ ইতিবাচক সাড়া পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন শ্রম আইন পাস করেছে। সরকারের এসব পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনুপ্রাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডিএফসির অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান মাহদী আমিন।


