ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততায় নজরদারি, ১৯ নভেম্বর ঘিরে বড় শঙ্কা নেই: জাহেদ উর রহমান

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে সরকারের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে তা উদ্বেগের বিষয়। এ বিষয়ে সরকারের নিজস্ব নজরদারিব্যবস্থা ও তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় রয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

Advertisement

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে সেটি সমস্যা নয়। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে।

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের কথা জানালেন উপদেষ্টা

Advertisement

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা জানান, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ বা সভা আয়োজন বেআইনি। এর মধ্যে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, যাদের ছবি প্রকাশ্যে এসেছে, তাদের গ্রেপ্তারে গতকাল থেকেই যৌথবাহিনী মাঠে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন তিনি। জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

তিনি আরও বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা উচিত নয়। পুলিশ যেন পরিস্থিতি অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

১৯ নভেম্বর ঘিরে বড় কোনো শঙ্কা দেখছে না সরকার

আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। সেসব কর্মসূচি নিয়ে আগের সংবাদ সম্মেলনেও সরকারের অবস্থান জানানো হয়েছিল। এবারও এসব কর্মসূচি ঘিরে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে যা বললেন

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, কাউকে প্রত্যাহার করা মানেই তিনি ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়। তবে কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবে কাজ করতে হবে।

উপদেষ্টার ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি সরকারের সমালোচকরাও এ পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

গঙ্গা চুক্তি নিয়ে নতুন তথ্য নেই

গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে। কী চাওয়া হচ্ছে এবং কীভাবে তা বাস্তবায়ন করতে চাওয়া হচ্ছে, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar