ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে ২০২৪ সালে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয় বলে জাগো নিউজকে জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকনকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।


