ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে সরকারের তিন প্রস্তাব, চাওয়া হলো দক্ষতার তথ্য

Link Copied!

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে সরকার। দেশটিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তরের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

Advertisement

এ সময় বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা রূপান্তরের প্রক্রিয়া তিন মাসের কম সময়ে সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়াতে যেন দেশে ফিরে আসতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। ফিজিতেও তাদের জন্য কর্মসংস্থানের ভালো সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফিজিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে তিনটি প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী। প্রথমত, দেশটির কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। এতে চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে।

দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি কর্মীর চাহিদা নির্ধারণ ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।

তৃতীয়ত, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় অব্যাহত রাখতে হবে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করতে পারেন এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়ে ফিজি সরকারের সহযোগিতা প্রয়োজন।

জবাবে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা দেয়। ফলে উচ্চশিক্ষা শেষে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় দেশটির শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা তৈরি হয়েছে। আবহাওয়া ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।

বাংলাদেশ সরকারের উত্থাপিত অনুরোধ ও প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন। চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন।

তিনি ফিজির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষিত করে পাঠানোর প্রস্তাব দেন। এ ক্ষেত্রে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar