রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে সিইসি, নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তাদের এ বৈঠক হবে। এতে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
একাধিক প্রার্থী থাকলে ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এবার দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। তবে ওই নির্বাচনে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে বলে ধারণা করা হয়েছিল। তবে রোববার জামায়াত নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পর নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রোববার নির্বাচন কমিশন একটি অনির্ধারিত বৈঠকও করেছে। এর ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

