যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী পর্বে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, আয়োজক কমিটি ও নির্বাহী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন।
সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। এতে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা সভা এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান থাকবে।
একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে মন্ত্রীসহ উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতারা বক্তব্য দেবেন।
সফরকালে মন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কয়েকটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।
ফোবানা কনভেনশন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর।
