বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমানে আমরা কঠিন সময় পার করছি, ৫ আগস্ট স্বৈরশাসক পালিয়ে গেছে; কিন্তু তাদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপি জনকল্যাণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়, শহিদ জিয়া বলেছিলেন বিপদ দেখে তোমরা ভয় পেয় না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, মাহিদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব রাজনীতিবিদদের মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ‘মহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি’।

সেলিমা রহমান বলেন, তারেক রহমান বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ আর যদি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ, তারেক রহমানকে দেশে ফেরত এনে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি যেন আবার ক্ষমতায় আসতে পারে।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও মহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

