প্রতিবন্ধিতা কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা কিংবা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই ও অর্থবহ হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূলধারারই অংশ। তাই তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই পরিপূর্ণ হতে পারে না।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের করুণা নয়, প্রয়োজন তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফরিদা খানম বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত দুই বছর মেয়াদি প্রকল্পে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থাপিত সচিত্র প্রতিবেদন, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন সুপারিশের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কারণ তাদের প্রয়োজন, সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র তারাই সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় দেশে সংবিধান, আইন ও নীতিমালায় প্রয়োজনীয় দিকনির্দেশনা রয়েছে। তবে এসব নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ফরিদা খানম সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত, পার্ক ও অন্যান্য জনসাধারণের ব্যবহারের স্থাপনাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
