ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় লংমার্চের সময়সূচি ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

Link Copied!

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরের উদ্দেশে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চ করেছে জোটটি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই রংপুরমুখী এই লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Advertisement

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

লংমার্চ কোনো একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে নয় জানিয়ে জামায়াত আমির বলেন, বৈষম্য দূর করা, মানুষের জীবনযাত্রার নিরাপত্তা, শিল্প খাত রক্ষা এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনসহ বিভিন্ন দাবি এতে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জনগণ ও শহীদ পরিবারের সদস্যদের দাবি বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

প্রথম লংমার্চে গাড়িবহর নিয়ে যাওয়ার সমালোচনার বিষয়ে শফিকুর রহমান বলেন, তারা গাড়িবহর নিয়েই চট্টগ্রাম গিয়েছেন। তবে সেটি ছিল প্রতীকী বহর। চাইলে আরও বড় বহর নেওয়ার সুযোগ থাকলেও সবকিছু বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে তিনি বলেন, পথে পথে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের অভিভূত করেছে। এসব মানুষের সবাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

খুনিদের বিচারের দাবির বিষয়ে জামায়াত আমির বলেন, এটি কোনো দলীয় দাবি নয়; শহীদদের মা-বাবা, পরিবারের সদস্য এবং সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই এই দাবি এসেছে। জনগণও এ দাবির প্রতি সংহতি জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় লংমার্চ সম্পর্কে শফিকুর রহমান বলেন, প্রথম কর্মসূচি একটি রুটে হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও লংমার্চ করা হবে। এর অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরের দিকে দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।

লংমার্চের কারণে বড় ধরনের জনদুর্ভোগ হয়নি দাবি করে তিনি বলেন, পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। এরপরও কর্মসূচির কারণে সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

এসব কর্মসূচি কোনো দল বা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে এসব দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন। কাউকে ক্ষমতা থেকে সরানো বা কাউকে ক্ষমতায় বসানো তাদের উদ্দেশ্য নয়। জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বিরোধী দল হিসেবে তাদের সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজন হলে সমালোচনাও করতে হবে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক কর্মসূচি ও উদ্যোগগুলো সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো ভুল হলে তা তুলে ধরতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, এ নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। সরকার যদি জনগণের দাবিগুলো মেনে নেয়, তাহলে লংমার্চের প্রয়োজন হবে না। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে জনগণ ও তাদেরও কিছুটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দাবি মেনে নেওয়াই এর সমাধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।