জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার তার জন্য আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ভারতের কাছে এ বিষয়টিও জানিয়েছে যে, সেখানে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রয়েছে। দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং একজন অভিযুক্ত হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী প্রাপ্য সব অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে রায় দেবেন, সরকার তা মেনে চলবে। আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটিই কার্যকর করা হবে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে কেউ তার বক্তব্য প্রচার বা প্রচারের ঘোষণা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
