রাজধানী ঢাকার যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো হলো—
১. টোল প্লাজায় চালু হবে ইটিসি ব্যবস্থা
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
২. যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যানজট নিরসন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে কাজটি বাস্তবায়ন করা হবে।
৩. ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর
রাজধানীর কেন্দ্রীয় অংশে যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
৪. ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
৫. গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ
যানবাহন ব্যবস্থাপনা ও টার্মিনালের সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করা হবে। কাজটি দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
৬. কাওরান বাজারের কিচেন মার্কেট সরানো ও পার্কিং বাড়ানো
রাজধানীর যানজট কমাতে কাওরান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সচিবালয়ের আশপাশের যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প পার্কিং স্থানও খুঁজে বের করা হবে।
৭. অটোরিকশা ও অনুমোদনহীন বাস নিয়ন্ত্রণ
ঢাকায় অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
