জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীরা আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য আগ্রহীদের অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে।

জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এতে স্থান পেয়েছে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, ভিডিওচিত্র, শহীদ ও আহতদের স্মৃতিচিহ্ন এবং আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নানা নিদর্শন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের বিভিন্ন ঘটনা, আত্মত্যাগ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

