আগামী ৫ আগস্ট পালিত হতে যাওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং সাইবার প্যাট্রলিং আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার ঝুঁকি মোকাবিলায় বাহিনীটি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে।

র্যাব জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরাও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে থাকবেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসটির এক সপ্তাহ আগে থেকেই ইউনিফর্ম ও সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার প্যাট্রলিংও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।
