জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আগামী দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) এবং একটি সোয়াট প্লাটুন পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও অন্যান্য মালামাল প্রস্তুত এবং যাচাই করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম (PCRS)-এর আওতায় বাংলাদেশ পুলিশকে এ বাহিনী প্রস্তুত রাখতে হবে। এজন্য একটি ফর্মড পুলিশ ইউনিট ও একটি সোয়াট প্লাটুনের জন্য প্রয়োজনীয় সব ধরনের যানবাহন, প্রযুক্তিগত সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ প্রস্তুত রয়েছে কি না, তা যাচাই করবে গঠিত কমিটি।

কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান এবং মো. আব্দুল্লাহ আল-মামুন।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কেপিএইচের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এ.এইচ.এম. ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরী।

আদেশ অনুযায়ী, কমিটি মিশনের জন্য প্রয়োজনীয় যানবাহন, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং টিকে থাকার উপযোগী সব ধরনের সামগ্রী বিস্তারিতভাবে পরীক্ষা ও মূল্যায়ন করবে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় নতুন সরঞ্জাম সংগ্রহ ও ক্রয়ের কার্যক্রমও শুরু করবে।
এ ছাড়া জাতিসংঘের প্রতিনিধিদলের সম্ভাব্য পরিদর্শনের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ, মালামালের পূর্ণাঙ্গ কার্গো লোড তালিকা প্রণয়ন এবং পুলিশ সদস্যদের বিশেষায়িত সোয়াট প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য সদস্য নির্বাচন করে মূল বাহিনীতে অন্তর্ভুক্ত করার দায়িত্বও এই কমিটির ওপর ন্যস্ত থাকবে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অনুমোদনে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।
বাংলাদেশ পুলিশ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নতুন এফপিইউ ও সোয়াট প্লাটুন মোতায়েনের প্রক্রিয়া সফলভাবে শেষ করা সম্ভব হবে।
