গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামারজানি বাজারের বটতলা (মাংস হাটি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আবুল কালাম (৪৫) ও মো. সবুজ মিয়া (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে আইস ভদকার ২২ বোতল, ম্যাকডাওয়েলস নম্বর ওয়ানের ১৯ বোতল এবং এম্বার গোল্ডের ১০ বোতলসহ মোট ৫১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার।
এ ছাড়া একটি সাদা রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
