গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের বাবা ও কথিত মাদক কারবারি চাঁন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানগড়া গ্রামে অভিযান চালায়।
অভিযান চলাকালে চাঁন মিয়ার বাড়িতে মাদক বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তার দুই ছেলে মো. মিষ্টি ঔ মিয়া (৩২) ও মো. মিথুন মিয়া (২৬)কে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চাঁন মিয়া দেয়াল টপকে পালিয়ে যান।
পরে তল্লাশি চালিয়ে মিষ্টি ঔ মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে মিথুন মিয়ার প্যান্টের সামনের বাম পকেট থেকেও আরও ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাই মিষ্টি ঔ মিয়া ও মিথুন মিয়া এবং পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৯ আগস্ট দায়ের করা হয়, যার নম্বর ৪৪।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
