কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির যৌথ টহলদল আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
বিজিবি জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে টহলদল সীমান্তের ওপার থেকে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজনরা সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পাঁচটি বস্তা উদ্ধার করেন। বস্তাগুলো খুলে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর থেকে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের উদ্দেশ্যে ওই এলাকায় বিজিবির পক্ষ থেকে আরও অভিযান চালানো হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
