সড়কপথে রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি কিশোরগঞ্জ জেলা সদরসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরকালে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান ও সম্মানী প্রদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়কে সংস্কারকাজও করা হয়েছে। দীর্ঘদিনের খানাখন্দ মেরামতের পাশাপাশি সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সময়ে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
