অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ট্রাফিক বিভাগের আওতাধীন হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার, এডিসি পরিত্রাণ তালুকদার, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্য এবং ডেসকোর কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিস্তার নিয়ন্ত্রণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
