ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Link Copied!

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি।

Advertisement

তিনি বলেন, নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দেয়। নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দিশারি। তাঁর সাহিত্য ও সংগীতে মানুষের অধিকার, মর্যাদা এবং সাম্যের যে বাণী উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সৃষ্টিকর্মের মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কবিতা, গান ও সাহিত্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। তাই নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি বাস্তব জীবনেও তাঁর আদর্শ চর্চার সুযোগ তৈরি করতে হবে।

বিশেষভাবে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নজরুলের সৃষ্টি কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর সাহিত্য ও সংগীত সবার সম্পদ। মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে নজরুলচর্চা বিস্তৃত হলে তাঁদের সৃজনশীলতা, উদারনৈতিক চিন্তা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে।

Advertisement

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাও তৈরি হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আবু বকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক জিয়াউর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশ নেন।

উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar