রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। পশু-পাখির বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণেও খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
তিনি আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারলে খামারিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিক ক্ষতিও কমাতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, টিকাদান, পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে নানিয়ারচর জোনের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।


