ভয়াল ১৫ নভেম্বর, সিডর দিবস। ২০০৭ সালের এই দিনে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা সুপার সাইক্লোন সিডর তছনছ করে দিয়েছিল সুন্দরবন উপকূলীয় জনপদ। প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলার ৩৫/১ পোল্ডারের প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। বলেশ্বর নদীতীরবর্তী ১২টি গ্রামে প্রাণ হারান সাত শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার ঘরবাড়ি, ফসলের মাঠ, পুকুর ও মাছের ঘের।
সেই ভয়াল ঘটনার ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর মন থেকে কাটেনি আতঙ্ক। ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদে বসবাসের নিশ্চয়তা দিতে একটি টেকসই বেড়িবাঁধের দাবি ছিল তাদের দীর্ঘদিনের। কিন্তু এখনো বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বজন হারানোর স্মৃতি আজও তাড়া করে
সিডরের সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় শরণখোলার উপকূলীয় মানুষকে। স্বজন হারানোর বেদনা, বসতভিটা হারানোর কষ্ট আর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলতে পারেননি স্থানীয়রা।
প্রাকৃতিক বিপর্যয়ের পর দেশি-বিদেশি বিভিন্ন সাহায্যকারী সংস্থা দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। খাদ্য, পোশাক, নগদ অর্থ ও ঘরবাড়ি নির্মাণে সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তাঁরা। তবে উপকূলবাসীর সবচেয়ে বড় দাবি ছিল—জীবন ও সম্পদ রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
টেকসই বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রিতা
উপকূলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৬ সালে ৩৫/১ পোল্ডারের প্রায় ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এ কাজের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই।
২০১৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে তা শেষ হয় ২০২৩ সালে। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেয়। তাঁদের দাবি, নিম্নমানের নির্মাণকাজ, অনিয়ম ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে বাঁধের এমন অবস্থা হয়েছে।
নদীশাসনের অভাবে বাড়ছে নতুন শঙ্কা
স্থানীয়দের আশঙ্কা, কার্যকর নদীশাসনের ব্যবস্থা না করে শুধু বেড়িবাঁধ নির্মাণ করায় নদীর তীব্র স্রোতে বাঁধের গোড়ার মাটি সরে যাচ্ছে। এতে দিন দিন দুর্বল হয়ে পড়ছে বাঁধের ভিত্তি। একপর্যায়ে ধসে পড়ছে বাঁধের ওপরের অংশ।
ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বগী, গাবতলা, বাবলাতলা, রাজেশ্বর, খোন্তাকাটা, ফাসিয়াতলা ও সন্ন্যাসী এলাকার নদীতীরে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শরণখোলার গাবতলা এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার নদীশাসনের কাজ চলমান রয়েছে। অন্যদিকে, মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় কিছু কাজ শেষ হলেও পার্শ্ববর্তী এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদীশাসনের নামে ডাম্পিংয়ের কাজেও ঠিকাদারদের ব্যাপক অনিয়ম রয়েছে। যথাযথ নিয়ম মেনে পর্যাপ্ত সিসি ব্লক ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করায় নদীর স্রোতে ব্লক ও বালুর বস্তা সরে যাচ্ছে। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও ভাঙন প্রতিরোধে স্থায়ী সুফল পাওয়া যাচ্ছে না।
ভাঙনপ্রবণ এলাকাগুলো সঠিকভাবে চিহ্নিত করে পরিকল্পিত ও মানসম্মত ডাম্পিংয়ের মাধ্যমে কার্যকর নদীশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


