গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং কর্মচারীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল জলিল মিয়া।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আব্দুল জলিল মিয়া বলেন, দারিয়াপুর বাজারসংলগ্ন ব্রিজের উত্তর পাশে অবকাঠামোসহ ৬ শতক জমি মৃত করিম বক্সের তিন মেয়ে রুবি, মোর্শেদা ও খাদিজা বেগমের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন তিনি। তবে জমি কেনার পর থেকেই ওই তিন বোনের ভাই জাহাঙ্গীর, জিয়াউর ও আশরাফুল ইসলাম জমির দলিল ভুয়া দাবি করে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
তিনি অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বুধবার সকালে দারিয়াপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স খুলতে গেলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা চালান এবং কর্মচারীদের মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁর স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মনি আক্তার ও মামাতো বোন মিথিলা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিল্পী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান আব্দুল জলিল মিয়া। পাশাপাশি নিজের পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


